অবশেষে যুদ্ধবিরতি, মধ্যপ্রাচ্যে ফিরছে কি শান্তি!
ইজরায়েল এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবোল্লার মধ্যে দীর্ঘদিনের সংঘাতের পর অবশেষে সংঘর্ষবিরতি কার্যকর হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় এবং ইরানের সহযোগিতায় শুক্রবার স্থানীয় সময় বিকেল চারটা থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। এই যুদ্ধবিরতির ঠিক আগেই শুক্রবার সকালে দক্ষিণ লেবাননে ইজরায়েলি বাহিনীর তীব্র হামলায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়, তবে এরপরই দুই পক্ষ সমঝোতায় সম্মত হয়।
এই পদক্ষেপের ফলে আমেরিকা ও ইরানের মধ্যে স্বাক্ষরিত প্রাথমিক সমঝোতা স্মারকের পথ প্রশস্ত হয়েছে। তেহরানের পক্ষ থেকে হেজবোল্লাকে জানানো হয়েছিল যে, ইজরায়েলের সঙ্গে সংঘর্ষবিরতি না হলে আমেরিকার সঙ্গে শান্তি আলোচনা এগিয়ে নেওয়া সম্ভব নয়। আগামী ৬০ দিনের মধ্যে ইরান ও আমেরিকার মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। ইজরায়েল-হেজবোল্লা সংঘাতের কারণে স্থগিত হয়ে যাওয়া দুই দেশের কূটনৈতিক আলোচনাও এখন নতুন পরিস্থিতিতে পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।