৫৫ বছর পর বঙ্গোপসাগরে পাকিস্তানি সাবমেরিন, ভারত কি প্রস্তুত?

দীর্ঘ ৫৫ বছর পর বঙ্গোপসাগরে আবারও অত্যাধুনিক সাবমেরিন মোতায়েনের উদ্যোগ নিয়েছে পাকিস্তান। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর এই অঞ্চলে প্রথমবারের মতো পাকিস্তানি নৌবাহিনীর এমন সশস্ত্র উপস্থিতির খবরে ভারতের প্রতিরক্ষা মহলে তীব্র সতর্কতা জারি করা হয়েছে। চীন থেকে কেনা ‘হাঙর’ শ্রেণির সাবমেরিনগুলো ব্যবহার করে পাকিস্তান এই সমুদ্রসীমায় নিজেদের কৌশলগত প্রভাব বিস্তারের পরিকল্পনা করছে বলে জানা গেছে।

পাকিস্তানের নৌবহরে যুক্ত হতে যাওয়া এই সাবমেরিনগুলোতে ‘এয়ার-ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন’ (এআইপি) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা এগুলোকে দীর্ঘ সময় শনাক্তহীনভাবে পানির নিচে আত্মগোপন করে থাকতে সহায়তা করে। পাক নৌবাহিনীর ফ্লিট কমান্ডার উমর ফারুক একে ‘গেম চেঞ্জার’ হিসেবে অভিহিত করে জানিয়েছেন, ভবিষ্যতে মোট আটটি সাবমেরিন তাদের বহরে যুক্ত হবে, যার প্রথমটি বঙ্গোপসাগরে নজরদারির কাজে লাগানো হচ্ছে। ভূ-রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর ঢাকা ও ইসলামাবাদের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতাকে কেন্দ্র করে এই তৎপরতা শুরু হয়েছে। এদিকে, যে কোনো ধরনের উসকানিমূলক পরিস্থিতির মোকাবিলায় এবং নিজেদের জলসীমা রক্ষায় ভারতীয় নৌসেনা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে দেশটির প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *