আবারও আইনি ফাঁদে ‘দ্য কেরালা স্টোরি’র সিক্যুয়েল!

চলতি বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া বিতর্কিত চলচ্চিত্র ‘দ্য কেরালা স্টোরি ২’ নতুন করে আইনি জটিলতায় পড়েছে। সিনেমাটির নাম থেকে ‘কেরালা’ শব্দটি অবিলম্বে অপসারণের দাবি জানিয়ে কেরল হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। এই মামলার প্রেক্ষিতে আদালত ছবির প্রযোজক বিপুল অমৃতলাল শাহকে আইনি নোটিশ পাঠিয়েছে। সেন্সর বোর্ডের দেওয়া ছাড়পত্রকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা এই মামলায় ওটিটি প্ল্যাটফর্ম ‘জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেস লিমিটেড’কেও বিবাদী করার আবেদন জানানো হয়েছে।

মামলার আবেদনে অভিযোগ করা হয়েছে যে, সিনেমাটির বিষয়বস্তু কেরল রাজ্যের সুনাম ক্ষুণ্ণ করছে এবং সামাজিক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা চালাচ্ছে। আবেদনকারীর দাবি, ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬, ১৯৭ ও ২৯৯ ধারায় প্রযোজকের বিরুদ্ধে মামলা রুজু করা হোক। ওটিটি প্ল্যাটফর্মে প্রচারের কারণে সিনেমাটির কিছু ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে নির্দিষ্ট সম্প্রদায় ও রাজ্যবাসীর বিরুদ্ধে ঘৃণাবিদ্বেষ ছড়াচ্ছে বলেও অভিযোগ তোলা হয়েছে। আদালত মামলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুললেও, চূড়ান্ত শুনানি পর্যন্ত বিষয়টি বিচারাধীন রেখেছে। এই আইনি লড়াইয়ের রায়ের ওপর ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাটির ভবিষ্যৎ সম্প্রচার এবং ডিজিটাল মাধ্যমে এ ধরনের কনটেন্ট প্রদর্শনের আইনি বাধ্যবাধকতা অনেকাংশে নির্ভর করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *