বিশ্বকাপের মাঝেই বিপাকে হাকিমি, ধর্ষণের অকাট্য প্রমাণ মিলল কি!
চলমান ফুটবল বিশ্বকাপের মাঝেই আইনি জটিলতায় পড়েছেন মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমি। তিন বছর আগে এক তরুণীর দায়ের করা ধর্ষণ মামলায় তার বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু করতে যাচ্ছে ফ্রান্সের আদালত। দীর্ঘ তদন্তের পর ফরাসি পুলিশ ও আদালত জানিয়েছে, হাকিমির বিরুদ্ধে মামলা চালানোর মতো পর্যাপ্ত ও যথেষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেছে। বিশ্বকাপের পরেই তাকে ভার্সেইয়ের আদালতে হাজিরা দেওয়ার জন্য তলব করা হতে পারে।
২০২৩ সালের শুরুর দিকে ২৪ বছর বয়সি এক তরুণী অভিযোগ করেন যে, প্যারিসে হাকিমির বাড়িতে তাকে ধর্ষণ করা হয়েছে। দীর্ঘ তদন্ত শেষে আদালতের এই সিদ্ধান্তে অভিযোগকারিনীর আইনজীবী স্বস্তি প্রকাশ করেছেন। অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে এই আইনি প্রক্রিয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন হাকিমি। তিনি দাবি করেন, তারকা হওয়ার কারণেই তাকে নিশানা করা হয়েছে। এখন বিচারপ্রক্রিয়া শুরু হলে তিনি নিজের নির্দোষ হওয়ার প্রমাণ দেওয়ার সুযোগ পাবেন। তবে এই মামলার ফলাফল মরক্কোর এই ফুটবল তারকার ক্যারিয়ারে গভীর প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।