স্পেনকে রুখে রাতারাতি নায়ক, মায়ের বিশ্বকাপ দেখার স্বপ্নপূরণে ট্রাম্পের মানবিকতা!

বিশ্বকাপে স্পেনের বিপক্ষে অনবদ্য পারফরম্যান্সের পর মার্কিন প্রশাসনের বিশেষ হস্তক্ষেপে অবশেষে আমেরিকায় ছেলের খেলা দেখতে যাচ্ছেন কেপ ভার্দের গোলকিপার ভোজিনহার মা আনা কান্দিদা ইভোরা। স্পেনের বিপক্ষে ম্যাচে ২৮টি শট আটকে ফুটবল বিশ্বের নজর কাড়া ৪০ বছর বয়সী এই গোলকিপার কান্নায় ভেঙে পড়ে জানিয়েছিলেন, আর্থিক অনটন ও ভিসা জটিলতার কারণে তার মা মাঠে উপস্থিত থাকতে পারেননি। ভোজিনহার এই আবেগঘন মুহূর্ত বিশ্বজুড়ে সাড়া ফেলার পর মানবিক কারণে তার মায়ের ভিসা সংক্রান্ত জটিলতা কাটিয়ে ওঠার উদ্যোগ নেওয়া হয়।

কেপ ভার্দের নাগরিকদের জন্য আমেরিকা কঠোর ভিসা নীতি ও বিশাল অংকের জামানত নির্ধারণ করে রাখলেও, মার্কিন কংগ্রেসম্যান হাকিম জেফ্রিসের বিশেষ উদ্যোগে এই নিয়মে শিথিলতা আনা হয়েছে। জেফ্রিস এ বিষয়ে আমেরিকার সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর সঙ্গে সরাসরি যোগাযোগ করেন। এরপরই ট্রাম্প প্রশাসন মানবিকতার খাতিরে আনা কান্দিদা ইভোরার সরকারি ফি মকুব করে ভিসার আবেদন মঞ্জুর করেছে। স্টেট ডিপার্টমেন্টের সহায়তায় তিনি ইতিমধ্যেই আমেরিকার উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং উরুগুয়ের বিপক্ষে ছেলের পরবর্তী ম্যাচে গ্যালারিতে উপস্থিত থাকার কথা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *