আন্তর্জাতিক বাজারে দাম কমছে ক্রুড অয়েল, তবে কি হাতের নাগালে আসছে পেট্রোল ও ডিজেল?
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৮০ ডলারের নিচে নেমে এলেও ভারতের সাধারণ মানুষের জন্য এখনই পেট্রোল ও ডিজেলের দাম কমার সম্ভাবনা নেই। আমেরিকা ও ইরানের চুক্তির পর হরমুজ প্রণালী উন্মুক্ত হওয়ায় বিশ্ব বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে আসলেও, এর প্রভাব দেশের অভ্যন্তরীণ খুচরো বাজারে পড়তে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও গ্যাস মন্ত্রক। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরেশ গোপীর মতে, আন্তর্জাতিক বাজার থেকে তেল আমদানি, প্রক্রিয়াকরণ এবং তা শোধনাগারে পরিশোধন করার জন্য একটি নির্দিষ্ট সময়ের প্রয়োজন হয়, যার ফলে বিশ্ব বাজারের দাম হ্রাসের সুবিধা তৎক্ষণাৎ সাধারণ গ্রাহকদের কাছে পৌঁছানো সম্ভব নয়।
এর আগে পশ্চিম এশিয়ার ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণে তেল বিপণন সংস্থাগুলো চরম আর্থিক সংকটে পড়েছিল, যার ফলে দাম স্থিতিশীল রাখতে সরকারকে প্রায় ১২,০০০ কোটি টাকার লোকসান সহ্য করতে হয়েছে। এই ক্ষতি পুষিয়ে ওঠাই এখন তেল সংস্থাগুলোর প্রধান লক্ষ্য। তবে আন্তর্জাতিক বাজারে দামের এই পতন ভারতের সামষ্টিক অর্থনীতির জন্য ইতিবাচক। আইসিআইসিআই সিকিউরিটিজের রিপোর্ট অনুযায়ী, তেলের দাম ১০ থেকে ১৫ ডলার কমলে ভারতের মাসিক আমদানি বিল প্রায় ১.৫ থেকে ১.৮ বিলিয়ন ডলার হ্রাস পাবে, যা ওএনজিসি এবং অয়েল ইন্ডিয়ার মতো রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর মুনাফা বাড়াতে সহায়তা করবে।