রাজ্যের সব কলেজে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিশেষ পক্ষ পালনের নির্দেশ!
রাজ্যের সমস্ত সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং বেসরকারি কলেজে আগামী ২৩ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত পালিত হতে চলেছে ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পক্ষ’। ভারতীয় জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন, কর্ম ও অবদান সম্পর্কে পড়ুয়াদের সচেতন করার লক্ষ্যে উচ্চশিক্ষা দফতর এই বিশেষ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে।
এই পক্ষকালব্যাপী সময়সীমায় কলেজগুলিতে প্রবন্ধ রচনা, প্রতিযোগিতা এবং বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচির আয়োজন করা হবে, যেখানে ছাত্রছাত্রী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে বলা হয়েছে। উচ্চশিক্ষা দফতরের নির্দেশিকা অনুযায়ী, আয়োজিত সমস্ত অনুষ্ঠানের জিও-ট্যাগযুক্ত ছবি এবং নথিপত্র বাধ্যতামূলকভাবে সংরক্ষণ করে রাখতে হবে। এর আগে ২০ জুন ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালনের নির্দেশিকা জারির পর, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এই কর্মসূচি পালনের উদ্যোগ রাজনৈতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।