জি-৭ সম্মেলনে মোদীর মেগাপ্ল্যান, ভারতের জন্য আসছে বিপুল বিনিয়োগ!
ফ্রান্সের এভ্যাঁ-লে-ব্যাঁ শহরে আয়োজিত জি-৭ শীর্ষসম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউরোপের প্রথম সারির শিল্পপতি ও কর্পোরেট কর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন। বিশ্ব অর্থনীতির পরিবর্তিত প্রেক্ষাপটে ভারতকে একটি নির্ভরযোগ্য, স্থিতিশীল এবং সম্ভাবনাময় বিনিয়োগ কেন্দ্র হিসেবে তুলে ধরাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। বৈঠকে ভারতের মজবুত গণতন্ত্র, স্থিতিশীল সরকার, স্বচ্ছ প্রশাসন, সাহসী অর্থনৈতিক সংস্কার এবং বিশাল ক্রেতা বাজারকে পুঁজি করে বিদেশি সংস্থাগুলোকে ভারতে ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন তিনি।
ভারতের পরিকাঠামো, উৎপাদন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং রেলের আধুনিকীকরণের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী একাধিক বহুজাতিক সংস্থার শীর্ষ আধিকারিকদের সঙ্গে আলোচনা করেছেন। এর মধ্যে ফরাসি সংস্থা সাঁ-গবাঁর সিইও বেনোয়া বজাঁর সঙ্গে নির্মাণ ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধি এবং অ্যালস্টমের সিইও মার্টিন সিয়নের সঙ্গে ভারতের রেলব্যবস্থার আধুনিকীকরণ ও উচ্চগতির পরিবহণ নিয়ে কথা হয়েছে। এছাড়া মিস্ট্রাল এআই-এর শীর্ষকর্তার সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক প্রয়োগ নিয়েও আলোচনা করেছেন তিনি। এই অংশীদারিত্ব ভারতের শিল্পোন্নয়নের পাশাপাশি দেশের যুবসমাজের জন্য বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।