বঙ্গোপসাগরে পাকিস্তানের নতুন চাল, ভারতের উদ্বেগের কারণ কি?
চিনের সহায়তায় নির্মিত প্রথম ‘হ্যাঙ্গর ক্লাস’ সাবমেরিনটি পাকিস্তান নৌবাহিনীর হাতে এসে পৌঁছেছে। ১৯৭১ সালের যুদ্ধের দীর্ঘ সাড়ে পাঁচ দশক পর বঙ্গোপসাগরে নিজেদের সামরিক উপস্থিতি পুনরুজ্জীবিত করতে পাকিস্তান এই ডুবোজাহাজটিকে দ্রুত মোতায়েনের পরিকল্পনা করছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, উত্তর আরব সাগরের গণ্ডি পেরিয়ে বঙ্গোপসাগর অঞ্চলে ভারতের কৌশলগত অবস্থানকে চ্যালেঞ্জ জানানো এবং নজরদারি চালানোই পাকিস্তানের এই পদক্ষেপের মূল লক্ষ্য।
বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর ঢাকা ও করাচির মধ্যে কূটনৈতিক ও সামরিক সখ্যতা বৃদ্ধি পাওয়ায় এই অঞ্চলটিতে পাকিস্তানের তৎপরতা নতুন মাত্রা পেয়েছে। চিনের সহায়তায় পাকিস্তান এমন আটটি সাবমেরিন নৌবাহিনীতে যুক্ত করতে চলেছে, যা তাদের পুরোনো ‘অগোস্তা’ সাবমেরিনগুলোর জায়গা নেবে। আন্তর্জাতিক জলসীমায় সামরিক জাহাজ চলাচলের আইনি সুযোগকে কাজে লাগিয়ে পাকিস্তানের এই পরিকল্পনা বঙ্গোপসাগরের ভূ-রাজনৈতিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।