নিয়ম ভাঙলেই বড় জরিমানা, রেলের কড়া পদক্ষেপে কপালে চিন্তার ভাঁজ!
ট্রেনে বিনা টিকিটে ভ্রমণ, ধূমপান, মদ্যপ অবস্থায় বিশৃঙ্খলা এবং অনধিকার প্রবেশের মতো অপরাধ রুখতে শাস্তির মেয়াদ ও জরিমানার অঙ্ক এক ধাক্কায় অনেকটা বাড়াল ভারতীয় রেল। ‘জন বিশ্বাস (সংশোধন) আইন, ২০২৬’-এর অধীনে রেলওয়ে আইন, ১৯৮৯-এর সংশোধনের মাধ্যমে এই নির্দেশিকা কার্যকর করেছে রেল মন্ত্রক। নতুন এই নিয়মের মূল উদ্দেশ্য হলো রেল পরিষেবাকে আরও শৃঙ্খলাবদ্ধ, নিরাপদ এবং যাত্রীবান্ধব করে তোলা।
সংশোধিত নিয়ম অনুযায়ী, টিকিট ছাড়া বা অবৈধ টিকিটে ভ্রমণের ক্ষেত্রে ন্যূনতম ৫০০ টাকা অতিরিক্ত চার্জ এবং অন্যের টিকিট ব্যবহারের জন্য ৫০০ টাকা জরিমানা দিতে হবে। ট্রেনে ধূমপানের জন্য ২ হাজার টাকা, অনধিকার প্রবেশের জন্য ৫০০ টাকা এবং বিশেষ করে সংরক্ষিত মহিলা কোচে পুরুষ যাত্রীর অনধিকার প্রবেশের জন্য ২ হাজার ৫০০ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। এছাড়া, স্টেশনে বা ট্রেনে অশালীন আচরণের জন্য ১ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা ও কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। আপত্তিকর বা বিপজ্জনক সামগ্রী বহনের ক্ষেত্রে জরিমানা অন্তত ১০ হাজার টাকা করা হয়েছে। সাধারণ নিয়ম অমান্য, হকারি বা ভিক্ষাবৃত্তির মতো অপরাধের ক্ষেত্রেও জরিমানার পরিমাণ বাড়িয়ে ২ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।