মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে সিআইডি হানা, তুঙ্গে চাঞ্চল্য!
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওঠা উস্কানিমূলক মন্তব্যের মামলার তদন্তের সূত্র ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বোন রিনা গায়েনের বাড়িতে হানা দিয়েছে সিআইডি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন থেকে মাত্র ২৫০ মিটার দূরে অবস্থিত ওই বাড়িতে সোমবার দুপুর দুটোর দিকে গোয়েন্দা আধিকারিকরা পৌঁছান এবং প্রায় এক ঘণ্টা ধরে তল্লাশি চালান। সরকারিভাবে এই অভিযানের কারণ স্পষ্ট করা না হলেও, বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে।
নির্বাচনী প্রচারের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্যের সূত্র ধরেই এই তল্লাশি চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, গত মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে এই মামলায় প্রায় সাড়ে ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিলেন সিআইডি আধিকারিকরা। সেই জিজ্ঞাসাবাদের সময় তাঁকে বিতর্কিত বক্তব্যের ভিডিও ফুটেজও দেখানো হয়েছিল। রিনা গায়েনের মেয়ে তৃণমূলের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও সোশ্যাল মিডিয়ায় দলের প্রচারের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকায়, মামলার তদন্তে কোনো গুরুত্বপূর্ণ তথ্য পেতে গোয়েন্দারা তাঁর পারিবারিক স্তরে এই অনুসন্ধান চালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।