দুপুরের পর ভিজবে কলকাতা, উত্তরে অতিভারী বৃষ্টির কমলার সতর্কতা!
বঙ্গজুড়ে বর্ষার আগমন ঘটলেও দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া অব্যাহত রয়েছে। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দুপুরের পর তিলোত্তমায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং শুক্রবার থেকে রবিবার পর্যন্ত রাজ্যজুড়ে বৃষ্টির দাপট বৃদ্ধি পাবে। আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এই আবহাওয়া বজায় থাকতে পারে।
দক্ষিণবঙ্গের জেলাগুলোতে রবিবার নাগাদ তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তবে তার আগে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে। একই সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই বর্ধমান, হুগলি ও উত্তর ২৪ পরগনায় দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ২০০ মিলিমিটার পর্যন্ত অতিভারী বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, মালদা ও দুই দিনাজপুরেও ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। সবকটি জেলাতেই বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকায় প্রশাসন ও সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।