জনপ্রতিনিধিদের ওপর ডিম হামলা, এবার কি ব্যবস্থা নেবে হাই কোর্ট?
রাজ্যের প্রাক্তন মন্ত্রী, বিধায়ক ও সাংসদদের ওপর লাগাতার ডিম ছোড়ার ঘটনার প্রেক্ষিতে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। আইনজীবী অতীন্দ্র চৌধুরীর করা এই মামলায় বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষকেও পক্ষভুক্ত করা হয়েছে। প্রকাশ্য রাস্তায় বা রাজনৈতিক কর্মসূচিতে জনপ্রতিনিধিদের ওপর এই ধরনের ধারাবাহিক হামলার ঘটনার নিরপেক্ষ বিচারবিভাগীয় তদন্ত এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন মামলাকারী। আগামী সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর সোনারপুরে ডিম হামলার ঘটনার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে জনপ্রতিনিধিদের লক্ষ্য করে এই ধরণের আক্রমণ বেড়েছে। সম্প্রতি কালীঘাটে কুণাল ঘোষের ওপরও ডিম হামলা চালানো হয়, যার প্রেক্ষিতে দুজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। এই পরিস্থিতিতে রাজ্যের সামগ্রিক নিরাপত্তা ও রাজনৈতিক পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তৃণমূল নেতা সৌগত রায়। তিনি এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়ে বিষয়টি খতিয়ে দেখার জন্য অনুরোধ জানিয়েছেন। সূত্রপাত হওয়া এই আইনি ও রাজনৈতিক তৎপরতা আগামী দিনে আরও বড় আকার নিতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।