ভাঙনের মুখে সমাজবাদী পার্টি! লখনউয়ের রাজনীতিতে বিস্ফোরক দাবি মন্ত্রীর

উত্তরপ্রদেশের মন্ত্রী ওমপ্রকাশ রাজভরের এক বিস্ফোরক দাবিকে কেন্দ্র করে সমাজবাদী পার্টিতে বড় ধরনের ভাঙনের জল্পনা তৈরি হয়েছে। রাজভরের দাবি, অখিলেশ যাদবের কাকা তথা প্রবীণ রাজনীতিক রামগোপাল যাদবের নেতৃত্বেই এই ভাঙন এখন সময়ের অপেক্ষা। তাঁর অভিযোগ, মুলায়ম সিং যাদবের তুতো ভাই রামগোপাল যাদব ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে সমাজবাদী পার্টির সাংসদদের একটি তালিকা জমা দিয়েছেন, যারা বিজেপি শিবিরে যোগ দিতে আগ্রহী।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লোকসভায় ‘মহিলা সংরক্ষণ আইন’, ‘আসন পুনর্বিন্যাস আইন’ এবং ‘এক দেশ এক ভোট’-এর মতো গুরুত্বপূর্ণ বিল পাস করাতে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থনের অভাব রয়েছে এনডিএ জোটের। এই ‘ম্যাজিক ফিগার’ অর্জন করতেই বিজেপি বিরোধী দলগুলোকে দুর্বল করার কৌশল নিয়েছে বলে মনে করা হচ্ছে। ওমপ্রকাশ রাজভরের দাবি, তিনি স্বয়ং রামগোপাল যাদব ও অমিত শাহের রুদ্ধদ্বার বৈঠক এবং তালিকা হস্তান্তরের বিষয়টি প্রত্যক্ষ করেছেন। তবে এই সমস্ত অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছেন রামগোপাল যাদব। তিনি ওমপ্রকাশ রাজভরের রাজনৈতিক গুরুত্ব নিয়ে প্রশ্ন তুলে স্পষ্ট জানিয়েছেন যে, সমাজবাদী পার্টিতে ভাঙনের কোনো সম্ভাবনাই নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *