বিধানসভা ভোটে হারের দায় নিয়ে পদত্যাগ, সরলেন পূর্ব বর্ধমানের তৃণমূল জেলা সভাপতি!
পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন প্রবীণ নেতা ও কাটোয়ার প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বুধবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে দলের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে ইমেল মারফত তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। ২০২১ সাল থেকে এই পদে দায়িত্ব পালন করা বর্ষীয়ান এই নেতার ইস্তফাপত্রটি দলীয় শীর্ষ নেতৃত্ব এখনও গ্রহণ করেছে কি না, তা স্পষ্ট নয়।
উল্লেখ্য, ১৯৯৬ সাল থেকে ছয়বারের বিধায়ক থাকা রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে কাটোয়া কেন্দ্রে পরাজিত হন। নির্বাচনী এই ভরাডুবির পরই তাঁর পদত্যাগের সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। দলের অন্দরের অস্থিরতা ও বিধানসভা নির্বাচনে হারের পর জেলা সভাপতির এই পদত্যাগ তৃণমূলের নিচুতলার কর্মীদের মনোবলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।