কোটি টাকার তোলাবাজি, সব্যসাচী দত্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ!

রাজারহাট-নিউটাউনের প্রাক্তন বিধায়ক ও বর্তমান কাউন্সিলর সব্যসাচী দত্তের বিরুদ্ধে ওঠা তোলাবাজির মামলার তদন্তে নতুন মোড় নিয়েছে। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসের এক কোটি টাকা তোলাবাজির অভিযোগে গত ৮ জুন গভীর রাতে মধুসূদন চক্রবর্তী নামের এক ব্যবসায়ীর করা মামলায় বিধাননগর উত্তর থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ এ পর্যন্ত সব্যসাচীর পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে, যার মধ্যে একটি তাঁর স্ত্রী ইন্দিরা দত্তের সঙ্গে যৌথ অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টগুলোতে মোট ৩ কোটি ৭০ লক্ষ টাকা জমা রয়েছে বলে জানা গেছে। পাশাপাশি, তদন্তকারীরা তাঁর দুটি ব্যাঙ্ক লকার ও বেশ কিছু স্থায়ী আমানতের হদিস পেয়েছেন।

তদন্তের স্বার্থে সব্যসাচীর বাসভবনে তল্লাশি চালিয়ে ৫০ কেজি সোনা কেনার নথি উদ্ধার করা হয়েছে এবং তাঁর ব্যবহৃত একটি স্করপিও গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। এছাড়া নিউটাউনে তাঁর নামে আরও একটি ফ্ল্যাটের খোঁজ পাওয়া গেছে। তবে গাইঘাটায় তাঁর শ্বশুরবাড়িতে তল্লাশি চালিয়ে বিশেষ কিছু পাওয়া যায়নি। এদিকে, তোলাবাজির অভিযোগ অস্বীকার করে সব্যসাচী দত্ত দাবি করেছেন, অভিযোগকারী ব্যবসায়ীর বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে। অন্যদিকে, সব্যসাচীর গ্রেপ্তারের পর স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের একাংশ তাঁর বিরুদ্ধে নিয়মিত তোলা আদায়ের অভিযোগ তুলে বিক্ষোভ প্রদর্শন করেছেন। সব্যসাচীকে বুধবার বিধাননগর আদালতে পেশ করে ফের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। বর্তমানে তাঁর স্ত্রী ইন্দিরা দত্তের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *