ফুলবাগান থেকে গ্রেপ্তার উদয়ন গুহ, বড় পদক্ষেপ কোচবিহার পুলিশের!
কোচবিহার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। বুধবার গোপন সূত্রে খবর পেয়ে কলকাতার ফুলবাগান এলাকার নিজস্ব বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে ফুলবাগান থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং আজই তাঁকে উত্তরবঙ্গে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে। গত কয়েকদিন ধরেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাঁর সন্ধানে তল্লাশি চালানো হচ্ছিল।
প্রতারণা, ভয় দেখানো এবং ভোট-পরবর্তী হিংসার মতো একাধিক গুরুতর অভিযোগে উদয়ন গুহর বিরুদ্ধে মামলা রুজু রয়েছে। মূলত ২০২১ সালের নির্বাচন-পরবর্তী রাজনৈতিক হিংসা এবং বিজেপি কর্মী রতন বর্মন খুনের মামলায় তাঁর নাম জড়িয়েছে। পাশাপাশি, বিভিন্ন ক্ষেত্রে আর্থিক প্রতারণা ও কাটমানি নেওয়ার অভিযোগে পুলিশ তাঁর সন্ধান করছিল। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর কোচবিহার ছেড়ে প্রাক্তন এই মন্ত্রী কলকাতার ফুলবাগানে অবস্থান করছিলেন। এই গ্রেপ্তারের ঘটনায় উত্তরবঙ্গের রাজনৈতিক মহলে ও দলীয় সংগঠনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।