৫০ কোটির টোপ আর প্রাইভেট জেটের প্রলোভন, উদ্ধব শিবিরের ভাঙন রুখতে দিল্লিতে জরুরি বৈঠক!
মহারাষ্ট্রের রাজনীতিতে উদ্ধব ঠাকরের শিবসেনা (ইউবিটি) শিবিরে ভাঙনের জল্পনার মধ্যেই দলের সাংসদদের ভাঙানোর জন্য ঘোড়া কেনাবেচার বিস্ফোরক অভিযোগ তুললেন সঞ্জয় রাউত। তাঁর দাবি, বিজেপি উদ্ধব শিবিরের সাংসদদের দলে টানতে অগ্রিম ১৫ কোটি এবং মোট ৫০ কোটি টাকা পর্যন্ত দেওয়ার টোপ দিচ্ছে। এমনকি দলত্যাগী সাংসদদের যাতায়াতের জন্য প্রাইভেট জেটের ব্যবস্থাও করা হচ্ছে বলে রাউত অভিযোগ করেছেন। সোশ্যাল মিডিয়ায় এই পরিস্থিতিকে ‘মর্মান্তিক ও জঘন্য’ বলে বর্ণনা করলেও উদ্ধব গোষ্ঠী ঐক্যবদ্ধ রয়েছে এবং বিদ্রোহী সাংসদরা প্রয়োজনীয় সংখ্যা জোগাড় করতে পারবেন না বলে তিনি দাবি করেছেন।
সোমবার দিল্লির একটি বৈঠকের পর থেকেই এই দলবদলের জল্পনা দানা বেঁধেছে। শিন্দে সেনার নেতা তথা মন্ত্রী প্রতাপরাও যাদবের সঙ্গে সঞ্জয় দেশমুখের গোপন বৈঠকের পর ‘মাতশ্রী’র বৈঠকে একাধিক সাংসদের অনুপস্থিতি এই জল্পনাকে আরও জোরালো করে তুলেছে। সূত্রের খবর, সঞ্জয় দিনা পাটিল, সঞ্জয় দেশমুখ, নাগেশ পাটিল, ওমরাজে নিম্বলকর, ভৌসাহেব ওয়াকচৌর এবং সঞ্জয় যাদবসহ অন্তত ছয়জন সাংসদ মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে শিবিরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং স্পিকার ওম বিড়লার সঙ্গেও দেখা করতে পারেন। এই ভাঙন রুখতে উদ্ধব শিবির পাল্টা সংসদীয় কমিটির জরুরি বৈঠক ডেকেছে এবং অনুপস্থিত সাংসদদের বিরুদ্ধে কঠোর আইনি ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।