বাঘ-সিংহের খাবারেও দুর্নীতি! তদন্তে কড়া পদক্ষেপ বনমন্ত্রীর
রাজ্যের ১২টি চিড়িয়াখানা ও বন্যপ্রাণী পুনর্বাসন কেন্দ্রে আবাসিক মাংসাশী প্রাণীদের জন্য বরাদ্দ সরকারি অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। রাজ্যের বর্তমান বনমন্ত্রী মনোজ কুমার ওরাঁও পূর্বতন সরকারের আমলের এই বিপুল দুর্নীতির কথা প্রকাশ করে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। মন্ত্রীর অভিযোগ, বাঘ, সিংহ ও চিতা বাঘের মতো প্রাণীদের জন্য নির্ধারিত মাংসের জোগান নিয়ে বছরব্যাপী এই নয়ছয় চলেছে। নিয়ম অনুযায়ী প্রাণীদের বয়স ও সংখ্যা অনুপাতে দৈনিক মাংস বরাদ্দ থাকলেও, এক অসাধু চক্র দীর্ঘ সময় ধরে সপ্তাহে ছয় দিনই প্রাণীদের প্রাপ্য খাবার থেকে বঞ্চিত করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে।
এই অনিয়ম রুখতে বন দপ্তর আধুনিক প্রযুক্তিনির্ভর কেন্দ্রীয় মনিটরিং ব্যবস্থার উদ্যোগ নিয়েছে। সল্টলেকের অরণ্য ভবনে একটি কন্ট্রোল রুম তৈরি করা হচ্ছে, যেখান থেকে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সরাসরি নজরদারি চালানো হবে। ডিজিটাল এই ব্যবস্থায় রেকর্ড বুকের হিসাবের সঙ্গে প্রাণীদের দেওয়া দৈনিক মাংস ও ওষুধের ব্যবহার যাচাই করা হবে। এই তদন্তের ফলে চিড়িয়াখানার কর্মী থেকে শুরু করে বন দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিকেরা জিজ্ঞাসাবাদের মুখে পড়তে পারেন। এছাড়া স্বচ্ছতা বজায় রাখতে চিড়িয়াখানার পাশাপাশি বন দপ্তরের টিকিট কাউন্টার ও হস্তিশালাগুলোতেও একই ধরনের নজরদারি ব্যবস্থা চালুর নির্দেশ দেওয়া হয়েছে।