শ্রমিক সরবরাহের আড়ালে হেরোইনের রমরমা কারবার, পুলিশের জালে ৭!
মুর্শিদাবাদের নিউ ফরাক্কার লোহাপট্টি এলাকায় শ্রমিক সরবরাহের ব্যবসার আড়ালে চলা একটি হেরোইন তৈরির কারখানার হদিস পেল পুলিশ। সোমবার রাতে ফরাক্কা থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থসহ চারজন নারী ও তিনজন পুরুষকে গ্রেপ্তার করেছে। উদ্ধার হওয়া মাদকের মধ্যে ৩০০ গ্রাম হেরোইন ও মাদক তৈরির বিভিন্ন কাঁচামাল রয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে গ্যাস সিলিন্ডারের নিচে লুকিয়ে রাখা ৩ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ।
পুলিশি তদন্তে জানা গেছে, মালদহের কালিয়াচকের বাসিন্দা ইশা হক ও ইসমাইল শেখ ছয় মাস আগে ওই বাড়িটি ভাড়া নিয়েছিল। লেবার সাপ্লাইয়ের আড়ালে তারা মূলত হেরোইন উৎপাদন ও মজুত করত। ফরাক্কাকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে এই চক্রটি বিহার ও ঝাড়খণ্ডে মাদক পাচার করত। পাচারের কাজে মাদক ক্যারিয়ার হিসেবে নারীদের ব্যবহার করা হতো। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন ইশা হক, মহম্মদ আসলাম, রোহিত সিং এবং চার নারী—রাজিয়া, জেরিনা, মদিনা ও সাকিনা খাতুন। চক্রের মূল পাণ্ডা ইসমাইল শেখ পলাতক রয়েছে। ধৃতদের বহরমপুরের মুর্শিদাবাদ এনডিপিএস আদালতে পেশ করা হয়েছে এবং পলাতক আসামির সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।