টাকার অভাবে অ্যাম্বুল্যান্স মিলল না, ১ ঘণ্টা যন্ত্রণায় ছটফট করে প্রাণ হারালেন যুবক!

অতিরিক্ত ভাড়া দিতে না পারায় অ্যাম্বুল্যান্স পরিষেবা না মেলায় উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমা হাসপাতালে ২১ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম বিশ্বজিৎ মণ্ডল, যার বাড়ি বনগাঁর জয়পুর এলাকায়। মঙ্গলবার ভোরে ক্যাটারিংয়ের কাজ থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে আহত হন তিনি। বনগাঁর জেআর ধর মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় স্থানান্তরের পরামর্শ দিয়েছিলেন।

পরিবারের অভিযোগ, কলকাতা নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুল্যান্স চালকেরা নির্ধারিত ভাড়ার চেয়ে অনেক বেশি টাকা দাবি করেন। টাকা জোগাড় করতে না পেরে পরিবারের সদস্যরা মোবাইল ও বাইকের চাবি বন্ধক রাখার অনুরোধ জানালেও চালকেরা তাতে কর্ণপাত করেননি। টাকার জন্য এই দর কষাকষিতে এক ঘণ্টারও বেশি সময় অতিবাহিত হওয়ায় বিনা চিকিৎসায় মারা যান বিশ্বজিৎ। এই ঘটনার পর হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং মৃতের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। দোষীদের শাস্তির দাবিতে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ প্রদর্শন করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *