পাক পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু, ক্ষোভে ফুঁসছে আলবানিজ!
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চাকওয়াল জেলায় পুলিশের গুলিবর্ষণের ঘটনায় ৯ বছর বয়সী এক অস্ট্রেলিয়ান বালিকা নিহত হয়েছে। নিহত হানিয়া আহমেদের মৃত্যুর ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এই ঘটনায় জড়িত প্রধান পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের সাথে যোগাযোগ করে এই ঘটনার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।
গত ১০ জুন রাতে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে হানিয়া ও তার পরিবার ডাকাতের কবলে পড়েছিল। হানিয়ার বাবার ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পালিয়ে যায়। এরপর হানিয়াদের গাড়িটি গন্তব্যের দিকে রওনা দিলে পুলিশ সেটিকে ডাকাতদের গাড়ি বলে ভুল করে। কোনো যাচাই-বাছাই ছাড়াই পুলিশ গাড়িটি লক্ষ্য করে গুলি চালালে হানিয়া, তার বাবা ও ভাই গুরুতর আহত হয়। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হানিয়ার মৃত্যু হয়। এই ঘটনার পর অস্ট্রেলিয়ার পক্ষ থেকে কূটনৈতিক চাপ বাড়ায় পাকিস্তান সরকার অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শুরু করেছে।