শুভেন্দুই বাংলায় ডিম সংস্কৃতি এনেছেন! কুণালের ওপর হামলায় ছবি দেখিয়ে বিস্ফোরক কল্যাণ

বেলেঘাটায় তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের ওপর প্রকাশ্য দিবালোকে ডিম হামলার ঘটনার তীব্র নিন্দা জানালেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সোমবার সন্ধ্যায় কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে তিনি এই ঘটনার জন্য সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দায়ী করেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, শুভেন্দু অধিকারীর প্ররোচনাতেই এই ধরনের ‘ডিম সংস্কৃতি’র আমদানি হয়েছে এবং শাসকদলের ছত্রচ্ছায়ায় থাকা গুণ্ডারা পরিকল্পিতভাবে বিরোধী নেতাদের কণ্ঠরোধের চেষ্টা করছে।

সংবাদমাধ্যমের সামনে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, হামলাকারী যুবকটি সিআইডির আনা বিজেপি সাক্ষীদের মধ্যে একজন, যা রাজ্যের পুলিশি তদন্তকারী সংস্থা ও বিজেপির আঁতাতের প্রমাণ দেয়। একইসঙ্গে তিনি এই ঘটনায় রাজ্য পুলিশের নিস্ক্রিয়তাকে কাঠগড়ায় তুলে বলেন, হামলার সময় পুলিশ কর্মীরা দর্শকের ভূমিকা পালন করেছে এবং ঘটনার ২০ মিনিট পরও পুলিশের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির আশেপাশে বিজেপির ভীতি প্রদর্শনের পরিবেশ তৈরি করার অভিযোগ তুলে তিনি রাজ্যে গণতন্ত্র ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এই ঘটনায় কুণাল ঘোষ ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *