বিশ্বকাপের আগেই ফিফায় বড় ধাক্কা, ইনফান্তিনোর বিরুদ্ধে বিস্ফোরক মামলা প্লাতিনির!
বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি ও দেওয়ানি মামলা দায়ের করেছেন উয়েফার প্রাক্তন সভাপতি মিশেল প্লাতিনি। ফ্রান্সের আদালতে দায়ের করা এই মামলার মাধ্যমে প্লাতিনি ফিফা সভাপতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। ফুটবল মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করা এই আইনি লড়াইয়ের নেপথ্যে রয়েছে ২০১৬ সালের একটি বিতর্কিত আর্থিক লেনদেন ও প্লাতিনির ফিফা সভাপতির পদ থেকে অপসারণের ঘটনা।
প্লাতিনির আইনজীবী অলিভিয়ের বালেতোলি দাবি করেছেন, তৎকালীন ফিফা সভাপতি সেপ ব্লাটারের সঙ্গে আর্থিক লেনদেনের অভিযোগে ২০১৫ সালে প্লাতিনিকে আট বছরের জন্য নির্বাসিত করার পেছনে ইনফান্তিনোর পরিকল্পিত ষড়যন্ত্র ছিল। তাদের ভাষ্যমতে, প্লাতিনি যাতে ফিফার পরবর্তী সভাপতি হতে না পারেন, সেজন্যই তাকে পরিকল্পিতভাবে বাধা দেওয়া হয়েছিল। যদিও সুইজারল্যান্ডের আদালত পরবর্তীতে প্লাতিনি ও ব্লাটার উভয়কেই নির্দোষ ঘোষণা করেছিল। তবে এই আইনি পদক্ষেপের বিষয়ে এখন পর্যন্ত জিয়ান্নি ইনফান্তিনো কোনো মন্তব্য করেননি।