সরকার গড়তে কংগ্রেসের সমর্থন চাইলেন বিজয় দাবি কেসি বেণুগোপালের
তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফলাফলের পর এবার দক্ষিণী রাজনীতিতে নয়া সমীকরণের ইঙ্গিত। সরকার গড়তে ম্যাজিক ফিগার ছুঁতে মরিয়া থলপতি বিজয়ের দল ‘তামিলাগা ভেটরি কাজাগাম’ (TVK) এবার হাত শিবিরের দরজায় কড়া নাড়ছে বলে খবর। মঙ্গলবার কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল দাবি করেছেন যে, তামিলনাড়ুতে সরকার গঠনের জন্য তাঁদের সমর্থন চেয়েছেন স্বয়ং বিজয়।
ম্যাজিক ফিগারের সন্ধানে টিভিকে
তামিলনাড়ুর ২৪৩টি আসনের মধ্যে ১০৮টিতে জয়লাভ করে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে থলপতি বিজয়ের টিভিকে। তবে সরকার গড়ার জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা বা ম্যাজিক ফিগার থেকে এখনও ১০ জন বিধায়কের সমর্থন প্রয়োজন তাদের। এই পরিস্থিতিতে ১০ জন বিধায়কের সমর্থন নিশ্চিত করতে বিজয়ের নেতৃত্বাধীন দল বিকল্প শক্তির খোঁজ শুরু করেছে।
হাত শিবিরের দাবি
কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল জানিয়েছেন, সরকার গঠনের লক্ষ্যে সমর্থনের আর্জি নিয়ে বিজয়ের দল তাঁদের সঙ্গে যোগাযোগ করেছে। যদিও কংগ্রেস এই বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নিয়েছে কি না বা কোনও শর্ত রাখা হয়েছে কি না, তা নিয়ে এখনও ধোঁয়াশা বজায় রেখেছেন তিনি। ডিএমকে-র পরাজয়ের পর তামিলনাড়ুর মাটিতে নিজেদের হারানো জমি পুনরুদ্ধারে বিজয়ের সঙ্গে জোট বাঁধা কংগ্রেসের জন্য একটি বড় কৌশলগত পদক্ষেপ হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।
চুপ থলপতি বিজয়
কংগ্রেসের এই চাঞ্চল্যকর দাবির পর রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হলেও এখনও পর্যন্ত টিভিকে-র পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। থলপতি বিজয় বা তাঁর দলের কোনও শীর্ষ নেতৃত্ব এই সমর্থন চাওয়ার বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি। ফলে এটি নিছকই রাজনৈতিক জল্পনা নাকি তলে তলে জোটের সলতে পাকানো শুরু হয়েছে, তা নিয়ে দানা বেঁধেছে রহস্য।
ডিএমকে এবং এআইএডিএমকে-র চিরাচরিত দ্বিমেরু রাজনীতির বাইরে বিজয়ের এই উত্থান এবং কংগ্রেসের সঙ্গে সম্ভাব্য এই সমীকরণ আগামী দিনে দাক্ষিণাত্যের ক্ষমতার অলিন্দে বড়সড় বদল আনতে পারে।
প্রতিবেদক বর্তমান ঠাকুর।