শমীক ভট্টাচার্যের হুঙ্কার তৃণমূলের পতন কেউ আটকাতে পারবে না!

রাজ্য বিজেপি সভাপতির তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ, ‘বিদায় ঘণ্টা বেজে গেছে’

কলকাতা প্রেস ক্লাবে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। তাঁর অভিযোগ, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত শোচনীয় এবং তৃণমূল সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। আসন্ন নির্বাচনকে তিনি ‘মমতা বন্দ্যোপাধ্যায় বনাম বাংলার সাধারণ মানুষ’-এর লড়াই হিসেবে অভিহিত করে বলেন, বিজেপি এই পরিবর্তনের একটি মাধ্যম মাত্র।

শমীক ভট্টাচার্য রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং অভিযোগ করেন যে গত কয়েক বছরে রাজনৈতিক হিংসা চরম পর্যায়ে পৌঁছেছে। তিনি দাবি করেন, গত বিধানসভা নির্বাচনের পর থেকে আড়াইশোর বেশি বিজেপি কর্মী প্রাণ হারিয়েছেন এবং অসংখ্য নারী লাঞ্ছিত হয়েছেন। তাঁর মতে, বর্তমান সরকার বাম আমলের ‘পেশিশক্তি’র রাজনীতিকেই আপন করে নিয়েছে। এর ফলে রাজ্যে দ্রুত জনতাত্ত্বিক পরিবর্তন ঘটছে এবং অনুপ্রবেশের সমস্যা আরও জটিল হয়ে উঠছে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

রাজ্যের ক্রমবর্ধমান ঋণ নিয়েও মুখ খোলেন বিজেপি নেতা। তিনি পরিসংখ্যান তুলে ধরে জানান, গত ১৫ বছরে রাজ্যের দেনা প্রায় ৮ লক্ষ কোটি টাকায় গিয়ে ঠেকেছে। সিঙ্গুর ও নন্দীগ্রামের নেতিবাচক প্রভাবের ফলে টাটারা চলে যাওয়ায় বিনিয়োগকারীদের আস্থায় ঘাটতি দেখা দিয়েছে, যার ফলে হাজার হাজার সংস্থা রাজ্য ছাড়তে বাধ্য হয়েছে। এছাড়াও, বিজেপি ক্ষমতায় এলে সাংবাদিকদের বর্তমান মাসিক পেনশন ২,০০০ টাকা থেকে বাড়িয়ে ৫,০০০ টাকা করা হবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *