শূন্য পকেট, অদম্য জেদ! ভোটের ময়দানে ভবিষ্যৎ সুকান্ত!
দক্ষিণ দিনাজপুরের তপনে বেকার যুবকের অভিনব নির্বাচনী লড়াই
দক্ষিণ দিনাজপুরের তপন বিধানসভা কেন্দ্রে এবার অভিনব নির্বাচনী লড়াইয়ের বার্তা নিয়ে এসেছেন ৩২ বছর বয়সি বেকার যুবক সুকান্ত কিস্কু। কলেজ জীবন থেকেই জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন দেখা এই যুবক, বর্তমানে কর্মহীন হলেও হাল ছাড়েননি। কলকাতার সুরেন্দ্রনাথ কলেজ থেকে ভূগোলে স্নাতক ও ডিএলএড উত্তীর্ণ সুকান্ত, নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়ে রাজনৈতিক মহলে চমক সৃষ্টি করেছেন। তিনি প্রধানত আদিবাসী অধ্যুষিত তপন এলাকায় উন্নয়নের অভাব মেটানো এবং আদিবাসী সম্প্রদায়ের অধিকার আদায়ের দাবিকে নির্বাচনী প্রচারের প্রধান হাতিয়ার করেছেন।
প্রথমে ‘বহুজন মুক্তি পার্টি’র টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা থাকলেও, দলের শীর্ষ নেতৃত্বের সইয়ের গরমিলের কারণে তাঁর সেই আবেদন বাতিল হয়ে যায়। তবে এতে দমে না গিয়ে, নিজের জমানো মাত্র ১৫ হাজার টাকা সম্বল করে তিনি ‘খাটিয়া’ প্রতীক নিয়ে নির্বাচনী ময়দানে নেমেছেন। তাঁর বাবা মঙ্গল কিস্কু, একজন অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক, ছেলের এই লড়াইয়ে পূর্ণ সমর্থন জানিয়েছেন। সুকান্ত মনে করছেন, বড় রাজনৈতিক দলে যোগ দিলে রাতারাতি নেতৃত্ব বা নির্বাচনে দাঁড়ানো সম্ভব হয় না। তাই তিনি সক্রিয় রাজনীতিতে প্রবেশ করার আগে এই অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছেন। তাঁর এই পদক্ষেপ স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।