মমতার গাড়িতে তল্লাশি, অভিষেক-রুজিরার নামে এই নির্দেশের আসল রহস্য কী!
বর্তমান ডেস্কঃ
নিজের গাড়ি তল্লাশি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ এবং তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি তল্লাশির নির্দেশের তথাকথিত হোয়াটসঅ্যাপ বার্তার বিষয়ে মুখ খুলল নির্বাচন কমিশন। ইসলামপুরের জনসভা থেকে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন যে, দমদম বিমানবন্দরে কেন্দ্রীয় বাহিনী তাঁর গাড়ি তল্লাশির চেষ্টা করেছে এবং তিনি প্রধানমন্ত্রীর বা স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়ি তল্লাশির বিষয়েও প্রশ্ন তোলেন। এই বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল স্পষ্ট করেছেন যে, মুখ্যমন্ত্রীর গাড়ি তল্লাশি হয়েছে এমন কোনো তথ্য কমিশনের কাছে নেই। তিনি জানান, ভিভিআইপিদের গাড়ি তল্লাশির ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারে না; এটি ম্যাজিস্ট্রেট বা নির্দিষ্ট পদাধিকারীর নির্দেশেই সম্ভব।
তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে যে, কমিশনের পর্যবেক্ষকদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি তল্লাশি করার জন্য ফ্লাইং স্কোয়াডকে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, তাঁর বিষয়টি জানা নেই এবং কোনো সিনিয়র নেতার গাড়ি তল্লাশির খবরও নেই। তিনি ব্যাখ্যা করেন, কোনো গাড়ি সন্দেহজনক মনে হলে তাৎক্ষণিক প্রয়োজনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশ দেওয়া হতে পারে, কারণ সেই মুহূর্তে লিখিত কোনো অর্ডার করা সম্ভব নয়। তবে তৃণমূল কংগ্রেসের দাবি করা নোটিফিকেশনের বিষয়ে তিনি প্রশ্ন তোলেন এবং বিষয়টি স্পষ্ট করার আহ্বান জানান।