মহিলা সংরক্ষণে ধর্মীয় বাধার বিরুদ্ধে গর্জে উঠলেন অমিত শাহ!
বর্তমান ডেস্কঃ
সংসদের বিশেষ অধিবেশনে আজ প্রথম দিনেই লোকসভায় মহিলা সংরক্ষণ বিল, আসন পুনর্বিন্যাস বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল পেশ করেছে কেন্দ্রীয় সরকার। অধিবেশন শুরু হতেই আসন পুনর্বিন্যাস বিল নিয়ে বিরোধীদের তীব্র আপত্তির মুখে পড়ে সরকারপক্ষ। সমাজবাদী পার্টির সাংসদ ধর্মেন্দ্র যাদব অভিযোগ করেন, সরকার সংবিধানকে বিকৃত ও বিনষ্ট করার চেষ্টা করছে। বিশেষ করে জনগণনা থেকে আসন পুনর্বিন্যাসকে আলাদা করার বিষয় নিয়ে সরব হয় বিরোধী শিবির। ওবিসি এবং মুসলিম মহিলাদের জন্য সংরক্ষণের ব্যবস্থা না থাকলে বিশেষ এই বিলে সমর্থন জানানো হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে সমাজবাদী পার্টি।
বিরোধীদের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, বিলের ব্যাখ্যা না শুনেই কেন শুরুতেই বিরোধিতা করা হচ্ছে, তা আগে পরিষ্কার হওয়া প্রয়োজন। সরকার সব প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত বলে তিনি জানান। পাশাপাশি, ধর্মের ভিত্তিতে সংরক্ষণ চাওয়া অসাংবিধানিক বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরও জানান, জনগণনা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং জাতিভিত্তিক জনগণনার তথ্যও সংগ্রহ করা হবে।