সতর্কবার্তা, আগামী ৩ দিন রাজ্যজুড়ে কালবৈশাখীর চরম দাপট!
বর্তমান ডেস্কঃ
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বড় ধরনের পরিবর্তনের মুখে রাজ্যের আবহাওয়া। বৃহস্পতিবারের পর শুক্রবারও রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা আগামী তিন দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। দক্ষিণ-পূর্ব রাজস্থান থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা এবং উত্তর বাংলাদেশ সংলগ্ন এলাকায় সক্রিয় ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে। এর জেরেই বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়ে বিভিন্ন জেলায় এই প্রতিকূল আবহাওয়া তৈরি হয়েছে।
আজ এবং আগামিকাল ১৬ ও ১৭ এপ্রিল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ১৬ এপ্রিল পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা ও হুগলিতে ঘণ্টায় ৫০-৬০ কিমি গতিবেগে ঝড় হতে পারে, অন্য জেলায় দমকা হাওয়ার গতি থাকবে ৪০-৫০ কিমি। ১৮-১৯ এপ্রিল আবহাওয়া মূলত শুষ্ক থাকলেও কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। পরে ২০ থেকে ২২ এপ্রিল দক্ষিণবঙ্গের সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে এবং তাপমাত্রা ধীরে ধীরে ৩-৪ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
অন্যদিকে, উত্তরবঙ্গে ১৬ ও ১৭ এপ্রিল প্রায় সব জেলাতেই বৃষ্টি ও বজ্রঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে, যেখানে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে ঝড়ের গতি ৪০-৫০ কিমি হতে পারে। ১৮ এপ্রিল পাহাড় ও ডুয়ার্স অঞ্চলে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যে আগামী দু’দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমবে বলে মনে করা হচ্ছে, তবে উত্তরবঙ্গে বড় কোনো তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই।