টিসিএস-এর এইচআর-এর নোংরা খেলা, প্রকাশ্যে চাঞ্চল্যকর অভিযোগ!
নাসিকে টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস)-এর দপ্তরে নারী কর্মীদের যৌন হয়রানি এবং জোরপূর্বক ধর্মান্তরের অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ উঠেছে, প্রতিষ্ঠানের সাতজন পুরুষ সহকর্মী সুপরিকল্পিতভাবে দীর্ঘ সময় ধরে নারী কর্মীদের নিশানা বানাতেন। এ ঘটনায় এখন পর্যন্ত মোট নয়টি মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে একটি মামলা করেছেন এক পুরুষ কর্মী যিনি নিজেও হয়রানি ও ধর্মান্তর চেষ্টার শিকার হয়েছেন। অভিযোগ রয়েছে, ঘটনার সময় প্রতিষ্ঠানের এইচআর ম্যানেজার এবং অপারেশনস প্রধান ভুক্তভোগীদের সহায়তার পরিবর্তে বিষয়টি লঘু করে দেখার পরামর্শ দিয়েছিলেন। বর্তমানে অপারেশনস ম্যানেজারসহ গ্রেপ্তারকৃতরা বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন এবং পলাতক এইচআর ম্যানেজারের সন্ধানে পুলিশ অভিযান চালাচ্ছে।
ঘটনাটির গুরুত্ব বিবেচনা করে নাসিক পুলিশ কমিশনার সন্দীপ কার্নিক জানিয়েছেন, তদন্তে এসআইডি, এটিএস ও এনআইএ-র মতো বিশেষ গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়া হচ্ছে। এদিকে টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন ঘটনাটিকে অত্যন্ত উদ্বেগজনক বলে অভিহিত করেছেন এবং শীর্ষ কর্মকর্তাদের নেতৃত্বে প্রতিষ্ঠানে একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে। অফিসের ক্ষমতার অপব্যবহার করে ভুক্তভোগীদের ভয়ভীতি প্রদর্শনের এ ঘটনার পেছনে কোনো চরমপন্থী সংগঠন বা বিদেশি অর্থায়নের যোগসূত্র রয়েছে কি না, তা নিয়েও ব্যাপক তদন্ত চলছে। বিশেষ তদন্তকারী দলের মাধ্যমে কাউন্সেলিং সেশনের মাধ্যমে এখন পর্যন্ত একাধিক ভুক্তভোগী ঘটনার বিষয়ে মুখ খুলেছেন।