অভিষেক ও রুজিরার গাড়ি তল্লাশি! নির্বাচন কমিশনের মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি

বর্তমান ডেস্কঃ

রাজ্যে নির্বাচন চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে তল্লাশি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি নিয়ে ওঠা অভিযোগের প্রেক্ষিতে মুখ খুলল রাজ্য নির্বাচন আধিকারিকের (CEO) দপ্তর। বুধবার ইসলামপুরের জনসভায় মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, দমদম বিমানবন্দরে কেন্দ্রীয় বাহিনী তাঁর গাড়ি তল্লাশি করতে এসেছিল। এই বিষয়ে রাজ্যের সিইও মনোজ আগরওয়াল জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর গাড়ি তল্লাশি হওয়ার কোনো খবর কমিশনের কাছে নেই। এছাড়া কেন্দ্রীয় বাহিনী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি ছাড়া একক সিদ্ধান্তে কোনো ভিভিআইপি-র গাড়ি তল্লাশি করতে পারে না বলেও স্পষ্ট করা হয়েছে।

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে যে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রীর গাড়ি তল্লাশির জন্য হোয়্যাটসঅ্যাপের মাধ্যমে গোপন নির্দেশ পাঠাচ্ছে কমিশন। এই প্রসঙ্গে সিইও জানান, কোনো নির্দিষ্ট নেতাকে টার্গেট করার বিষয়টি সঠিক নয়। তবে আইন অনুযায়ী, সন্দেহজনক কোনো গাড়ি দেখলে তাৎক্ষণিক তল্লাশির জন্য লিখিত নির্দেশের অপেক্ষা না করে হোয়্যাটসঅ্যাপে নির্দেশ দেওয়া যেতেই পারে। কমিশনের গাইডলাইন অনুযায়ী, ভোটের সময় কোনো গাড়িই আইনের ঊর্ধ্বে নয় এবং সন্দেহজনক সামগ্রী পাচারের আশঙ্কা থাকলে নির্দিষ্ট প্রোটোকল মেনে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তল্লাশি চালানো সম্ভব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *