হিঙ্গলগঞ্জের বিএসএফ ক্যাম্পে ভয়াবহ আগুন, মর্মান্তিক পরিণতি জওয়ানের!
বর্তমান ডেস্কঃ
ভারত-বাংলাদেশ সীমান্তের হিঙ্গলগঞ্জের বাঁকড়া ক্যাম্পে অগ্নিদগ্ধ হয়ে জ্যোতি রাম (৫২) নামে এক বিএসএফ জওয়ানের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা নাগাদ ৭৭ নম্বর ব্যাটেলিয়নের ওই ক্যাম্পের ভেতরে থাকা একটি পেট্রোল পাম্পে হঠাৎ আগুন লেগে যায়। কর্মরত অবস্থায় এসআই পদের ওই জওয়ান আগুনের কবলে পড়ে মারাত্মকভাবে ঝলসে যান। স্থানীয় ও ক্যাম্পের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন এবং পরে বসিরহাট দমকল বাহিনীর একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জ্যোতি রামকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, মৃত জওয়ানের বাড়ি রাজস্থানে। ঘটনার পর হিঙ্গলগঞ্জ থানার পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে পুলিশের সন্দেহ। ক্যাম্পের ভেতর দাহ্য বস্তু মজুত ছিল কি না এবং জওয়ান কেন বেরিয়ে আসার সুযোগ পাননি, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।