লক্ষ্মীর ভাণ্ডার বনাম ৩ হাজারি কার্ড, ভোটের আগে বিস্ফোরক মমতা!
বর্তমান ডেস্কঃ
লোকসভা নির্বাচনের প্রাক্কালে বৃহস্পতিবার মাথাভাঙার জনসভা থেকে কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাস বিলকে এনআরসি (NRC) করার একটি গোপন চক্রান্ত বলে অভিহিত করে তিনি অভিযোগ করেন যে, মহিলা সংরক্ষণ বিলের সঙ্গে এটিকে জুড়ে দিয়ে বাংলাকে খণ্ড-খণ্ড করার চেষ্টা করছে কেন্দ্র। পাশাপাশি, বিরোধী ‘ইন্ডিয়া’ জোটে নিজের গুরুত্ব তুলে ধরে মমতা জানান, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের বিষয়ে দেশের বিভিন্ন প্রান্তের বিরোধী নেতারা নিয়মিত তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন এবং বাংলার লড়াইকে অনুসরণ করছেন।
বিজেপির ‘মাতৃ শক্তি ভরসা’ কার্ডকে ভোটের জন্য মিথ্যে প্রতিশ্রুতি বলে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী পাল্টা দাবি করেন যে, তৃণমূল সরকার কোনো নির্বাচনের অপেক্ষা না করেই ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সুবিধা পৌঁছে দিয়েছে। মোদী সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, বছরে ২ কোটি চাকরির প্রতিশ্রুতি পালনে কেন্দ্র ব্যর্থ হয়েছে। এছাড়া, ডিটেনশন ক্যাম্পের পরিকল্পনা, এজেন্সি ব্যবহার করে বুথ দখল, নির্বাচনী ব্যয় এবং ভোট পরবর্তী সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির আশঙ্কা নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী।