বিল না পড়েই বিরোধিতা কেন, সমাজবাদী পার্টিকে তুলোধনা অমিত শাহের!

বর্তমান ডেস্কঃ

সংসদের বিশেষ অধিবেশনের শুরুতেই তিনটি গুরুত্বপূর্ণ বিল পেশকে কেন্দ্র করে লোকসভায় তীব্র রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। কেন্দ্রীয় সরকার এদিন মহিলা সংরক্ষণ বিল, আসন পুনর্বিন্যাস বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল উত্থাপন করে। অধিবেশন শুরু হতেই আসন পুনর্বিন্যাস প্রক্রিয়ার মাধ্যমে সংবিধানের ‘মৌলিক কাঠামো’ নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ তোলে বিরোধী পক্ষ। বিশেষ করে সমাজবাদী পার্টির সাংসদ ধর্মেন্দ্র যাদব অভিযোগ করেন, নতুন এই প্রক্রিয়ায় ওবিসি (OBC) ও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব উপেক্ষিত হচ্ছে। তাঁর দাবি, মহিলা সংরক্ষণ বিলে ওবিসি ও মুসলিম মহিলাদের জন্য আলাদা কোটা না থাকলে সমাজবাদী পার্টি এই বিল সমর্থন করবে না। পাশাপাশি, জনগণনার সাথে আসন পুনর্বিন্যাসকে আলাদা দেখানোর প্রক্রিয়াকেও তাঁরা ‘অস্বচ্ছ’ বলে অভিহিত করেছেন।

বিরোধীদের এই আক্রমণের জবাবে সুর চড়ান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বিলটি না পড়েই বিরোধিতার অভিযোগ তুলে বিরোধীদের ধৈর্য ধরার পরামর্শ দেন। জনগণনা এবং জাতিভিত্তিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে জানিয়ে শাহ দাবি করেন, এই প্রক্রিয়া সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে। একই সাথে তিনি স্পষ্ট করে দেন, ভারতীয় সংবিধান অনুযায়ী ধর্মের ভিত্তিতে কোনো প্রকার সংরক্ষণ প্রদান করা সম্ভব নয় এবং সরকার এই দাবি কখনোই মেনে নেবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *