৩৪ বছর পর সীমান্তে যুদ্ধ, ট্রাম্পের হাত ধরেই কি ফিরবে শান্তি!

বর্তমান ডেস্কঃ

ইজরায়েল ও লেবাননের মধ্যে দীর্ঘ ৩৪ বছরের অচলাবস্থা কাটিয়ে শান্তি ফেরাতে উদ্যোগী হয়েছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামীকাল ইজরায়েলের প্রধানমন্ত্রী ও লেবাননের প্রেসিডেন্টের মধ্যে একটি ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হতে পারে। ট্রুথ সোশ্যালে ট্রাম্প এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে বর্ণনা করে দাবি করেছেন, দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে এই আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের সংঘাতের অবসানের পথ প্রশস্ত হবে। যদিও ইজরায়েল ও লেবাননের পক্ষ থেকে নির্দিষ্ট করে কোন নেতারা বৈঠকে অংশ নেবেন, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

উল্লেখ্য, ১৯৪৮ সাল থেকেই ইজরায়েল ও লেবাননের মধ্যে কার্যত সংঘাত চলছে এবং ১৯৮৩ সালের পর থেকে উচ্চপর্যায়ের কোনো স্থায়ী আলোচনা হয়নি। বর্তমানে আমেরিকা ও ইরানের মধ্যে দুই সপ্তাহের সংঘর্ষবিরতি চললেও, ইজরায়েল লেবাননে সামরিক অভিযান অব্যাহত রেখেছে। এই পরিস্থিতির মধ্যেই হিজবুল্লাহ গোষ্ঠীর পক্ষ থেকে ইজরায়েলের সঙ্গে আলোচনায় না বসার জন্য লেবাননের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। হিজবুল্লাহর আশঙ্কা, এই বৈঠকের মাধ্যমে তাদের অস্ত্র সমর্পণের জন্য চাপ দেওয়া হতে পারে। ২০২৩ সালে হামাস ও ইজরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে হিজবুল্লাহর সঙ্গে ইজরায়েলের সংঘাতে লেবানন ক্ষতিগ্রস্ত হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *