নাসিক টিসিএস কর্মীর বিস্ফোরক বয়ান: শিউরে ওঠার মতো ঘটনা!
বর্তমান ডেস্কঃ
টাটা কনসালটেন্সি সার্ভিসেসের (টিসিএস) নাসিক শাখায় কর্মরত এক তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে দীর্ঘ চার বছর ধরে ধর্মান্তরণ ও যৌন হেনস্থার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। ২০২২ থেকে ২০২৬ সাল পর্যন্ত চলা এই ঘটনায় দানিশ শেখ, তৌসিফ আক্তার ও নিদা খান নামে তিনজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগকারী তরুণীর দাবি, বিয়ের প্রতিশ্রুতি ও চাকরির প্রলোভন দেখিয়ে এবং ব্যক্তিগত ছবি ফাঁস করার ভয় দেখিয়ে তাঁকে ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করা হতো।
অভিযোগ অনুযায়ী, ২০২২ সালে পরিচয়ের পর থেকে দানিশ শেখ তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে শারীরিক সম্পর্ক স্থাপন করে। পরবর্তী সময়ে দানিশের বন্ধু তৌসিফ আক্তার ব্যক্তিগত ছবি ব্যবহার করে তরুণীকে ব্ল্যাকমেল করতে শুরু করে এবং অফিসেও তাঁকে কুপ্রস্তাব দেয়। অভিযুক্তরা নিয়মিত হিন্দু ধর্মের বিরুদ্ধে কটূক্তি করত এবং ধর্মান্তরিত না হলে ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দিত। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ওই তরুণী জানতে পারেন যে দানিশ আগে থেকেই বিবাহিত এবং তাঁর দুই সন্তান রয়েছে। বর্তমানে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করে ঘটনার পেছনে কোনো বড় চক্র বা ‘মডিউল’ কাজ করছে কি না, তা তদন্ত করে দেখছে।