৬ বছর পর নাড্ডার কনভয়ে হামলার ফাইল খুলতেই কোণঠাসা ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গির!

ডায়মন্ড হারবারে বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় নতুন করে তদন্ত শুরু করেছে পুলিশ। ২০২০ সালের এই হাইপ্রোফাইল মামলার এফআইআর-এ ফলতার একসময়ের প্রভাবশালী নেতা জাহাঙ্গির খান ওরফে ‘পুষ্পা’-র নাম ছিল। তদন্তকারীদের দাবি, আগের তদন্তে একাধিক গুরুত্বপূর্ণ দিক যথাযথভাবে খতিয়ে না দেখার কারণে অভিযুক্তরা আইনি সুবিধা পেয়েছিলেন, যার ফলে এই মামলাটি আবারও নতুন করে শুরু করা হয়েছে। ২০২০ সালে নাড্ডার কনভয়ে হামলার সময় গাড়িতে উপস্থিত তৎকালীন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করেছিলেন যে, গাড়িটি বুলেটপ্রুফ না হলে তাঁদের প্রাণ সংশয় হতে পারত।

এদিকে, বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ও হুমকি দেওয়ার অভিযোগে অভিযুক্ত জাহাঙ্গির খান সম্প্রতি নেপাল পালানোর ছক কষার সময় পুলিশের জালে ধরা পড়েন। রবিবার ফলতায় পুলিশি হেফাজত শেষে তাঁকে ডায়মন্ড হারবার এসিজেএম আদালতে হাজির করা হয়। মামলার তদন্তের স্বার্থে এবং অভিযোগের সত্যতা যাচাই করার জন্য আদালত তাঁকে পুনরায় ৬ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। এর আগে বিধানসভা ভোট বাতিলের পর থেকে দীর্ঘদিন জনসমক্ষে না থাকা জাহাঙ্গির খানের বিরুদ্ধে তোলাবাজি ও নানা বেআইনি কাজের অভিযোগ রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *