৫ বছরেও মেলেনি পানীয় জল, ক্ষোভে ফুঁসছে মালদার গ্রামের মানুষ!
মালদার হরিশ্চন্দ্রপুরের বাংরুয়া নয়াটোলা গ্রামে পাইপলাইন বসানোর পাঁচ বছর পরেও পানীয় জল না পাওয়ায় ক্ষুব্ধ বাসিন্দারা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেছেন। প্রশাসনের প্রতিশ্রুতি অনুযায়ী বাড়ি বাড়ি সংযোগ ও ট্যাপকল বসানোর কাজ আজও সম্পন্ন না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামবাসীরা। দীর্ঘ এই সময়ের মধ্যে আধার কার্ডসহ প্রয়োজনীয় নথি জমা দেওয়া সত্ত্বেও সুরাহা মেলেনি বলে অভিযোগ তাঁদের।
পানীয় জল না থাকায় গ্রামবাসীরা বাধ্য হয়ে এলাকার অগভীর নলকূপের আর্সেনিক ও আয়রনযুক্ত জল পান করতে বাধ্য হচ্ছেন, যার ফলে শিশু থেকে বৃদ্ধ—অনেকেই পেটের রোগসহ বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছেন। একাধিকবার ব্লক প্রশাসন ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে (PHE) জানিয়েও কোনো সমাধান না মেলায় বৃহস্পতিবার সকালে পথ অবরোধ করেন তারা। দ্রুত পানীয় জল সরবরাহ ব্যবস্থা চালু না করা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা।