নিমিষেই ধ্বংসস্তূপ ভেনেজুয়েলা, ৯২০ জনের মৃত্যুতে শোকের মাতম!
ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন অন্তত ৩,৩৬০ জন। গত দু’দিনে ৭.২ ও ৭.৫ মাত্রার প্রলয়ংকরী জোড়া ভূমিকম্প এবং শুক্রবার বিকেলে পুনরায় ৪.৯ মাত্রার কম্পনে বিধ্বস্ত দেশটিতে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা রাজ্যসহ বিভিন্ন এলাকায় যোগাযোগ ব্যবস্থা ও পরিকাঠামো সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ায় ত্রাণ তৎপরতা ব্যাহত হচ্ছে। এখন পর্যন্ত ৫০ হাজার মানুষের কোনো খোঁজ মেলেনি। হাসপাতালগুলোতে উপচে পড়া ভিড় এবং অস্থায়ী শিবিরগুলোতে ঘরছাড়াদের ব্যাপক দুর্ভোগের সৃষ্টি হয়েছে। জাতিসংঘের প্রাথমিক অনুমান অনুযায়ী, এই বিপর্যয়ে ৬.৭ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে, যা গত এক শতাব্দীর মধ্যে দেশটিতে ঘটা সবচেয়ে মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ। উদ্ধারকাজে ধীরগতি ও প্রশাসনিক অকার্যকারিতার অভিযোগে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে, যা অন্তর্বর্তীকালীন সরকারের সামনে রাজনৈতিক সংকট তৈরি করেছে।