২৬/১১ মুম্বাই হামলা: সন্ত্রাস দমনে ভারতের পাশে ইসরায়েল, যৌথ সংকল্পের বার্তা

মুম্বাইয়ে ২৬/১১ সন্ত্রাসী হামলার বার্ষিকীতে ভারতের পাশে দাঁড়িয়েছে ইসরায়েল। ২০০৮ সালের এই ভয়াবহ হামলায় নিহত ১৬৬ জন নিরপরাধ মানুষের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ইসরায়েলি দূতাবাস ও দেশটির প্রতিনিধিরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের সাথে সংহতি প্রকাশ করেছেন।

এই দিনে ইসরায়েল স্পষ্ট করেছে যে, সন্ত্রাসবাদের কোনো সীমানা নেই এবং একে নির্মূল করতে দুই দেশই প্রতিশ্রুতিবদ্ধ। ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রিউভেন আজার এবং মধ্য-পশ্চিম ভারতের কনসাল জেনারেল ইয়ানিভ রেভাচ নিহতদের স্মরণ করেছেন।

কনসাল জেনারেল মুম্বাইয়ের লিওপোল্ড ক্যাফে পরিদর্শন করেন, যা ২০০৮ সালের হামলার অন্যতম লক্ষ্যবস্তু ছিল। ইসরায়েলি দূতাবাস নরিমান হাউসে নিহত পাঁচ ইসরায়েলি নাগরিকসহ সকল ভুক্তভোগীর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

প্রসঙ্গত, ২০০৮ সালের ২৬ নভেম্বর পাকিস্তান ভিত্তিক লস্কর-ই-তৈয়বার ১০ জন সন্ত্রাসী মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাস, তাজমহল প্যালেস হোটেল, ওবেরয়-ট্রাইডেন্ট এবং নরিমান হাউসসহ বিভিন্ন স্থানে সমন্বিত হামলা চালায়। চার দিনব্যাপী এই হামলায় ১৬৬ জন নিহত এবং প্রায় ৩০০ জন আহত হন। নিরাপত্তা বাহিনীর অভিযানে নয়জন সন্ত্রাসী নিহত হয় এবং একমাত্র জীবিত হামলাকারী আজমল কাসাবকে পরবর্তীতে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই ঘটনা ভারতের ইতিহাসের অন্যতম অন্ধকার অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *