নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রীর নির্দেশে চন্দননগরে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অভিযান

রাজ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে এবার তৎপর হলো প্রশাসন। পাইকারি ও খুচরো বাজারের দামের পার্থক্যের কারণ খতিয়ে দেখতে চন্দননগর, বাঁশবেড়িয়া ও মগড়ার বিভিন্ন বাজারে পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং কৃষি বিপণন দপ্তর যৌথ অভিযান চালিয়েছে।

এই বিশেষ নজরদারি চালানো হয় চন্দননগরের ডিসিপি অ্যালেন জর্জ এবং এসিপি সোমনাথ ব্যানার্জির নেতৃত্বে। গত কয়েক দিনে চাল, ডাল, তেল, চিনি ও আলুর মতো নিত্যপণ্যের দাম অনেকটাই বেড়েছে, যা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী টাস্ক ফোর্সকে ময়দানে নামার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ মেনেই বৃহস্পতিবার চন্দননগরের লক্ষ্মীগঞ্জ বাজার, বৌবাজার, মগড়ার নাকসা বাজার এবং বাঁশবেড়িয়া কলবাজারে আধিকারিকরা সরেজমিনে তদন্ত করেন।

অভিযানে পাইকারি আড়ত থেকে খুচরো ব্যবসায়ীরা কত দামে পণ্য কিনছেন এবং তা কত দামে বিক্রি করছেন, তা খতিয়ে দেখা হয়। অভিযানের সময় অতিরিক্ত দাম নেওয়া ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। পাইকারি ও খুচরো বাজারের দামের এই অসামঞ্জস্য দূর করতে সব পক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

ডিসিপি অ্যালেন জর্জ জানিয়েছেন, কালোবাজারির অভিযোগের ভিত্তিতেই এই যৌথ সার্ভে করা হয়েছে। প্রশাসনের তরফে আরও জানানো হয়েছে যে, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, সাধারণ মানুষের স্বস্তির জন্য বাজারে এই নজরদারি প্রক্রিয়া আগামী দিনেও নিয়মিতভাবে জারি থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *