২০ লাখ টাকা খোরপোশ নিয়েও যৌতুকের মামলা! হাইকোর্টের নজিরবিহীন রায় কী?
পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে বিবাহবিচ্ছেদ এবং ২০ লাখ টাকা খোরপোশ পাওয়ার পরও স্বামীর বিরুদ্ধে যৌতুক মামলা জারি রাখাকে আইনের অপব্যবহার বলে মন্তব্য করেছে রাজস্থান হাইকোর্ট। বিচারপতি অনুপ কুমার ধান্দের সিঙ্গল বেঞ্চ স্বামীর বিরুদ্ধে দায়ের করা যৌতুক ও নির্যাতনের সমস্ত ফৌজদারি মামলাটি খারিজ করে দিয়েছেন। আদালত স্পষ্ট জানিয়েছে যে, কোনো ব্যক্তিকে মানসিকভাবে হেনস্থা করার জন্য আইনি ব্যবস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে দেওয়া যায় না।
মামলার বিবরণ অনুযায়ী, বিবাহবিচ্ছেদের সময় দুই পক্ষের আপস-চুক্তি অনুযায়ী স্বামী স্ত্রীকে ২০ লাখ টাকা খোরপোশ প্রদান করেন। অভিযোগ, সেই অর্থ গ্রহণের পরও স্ত্রী মামলাটি প্রত্যাহার করেননি এবং ২০১৮ সালে মামলা রুজু হওয়ার পর থেকে কোনো শুনানিতেই তিনি বা তাঁর পরিবারের সদস্যরা সাক্ষ্য দিতে আদালতে উপস্থিত হননি। আদালতের পর্যবেক্ষণ, চুক্তির সুবিধা নেওয়ার পর মামলা জিইয়ে রাখা বিচার ব্যবস্থাকে বিভ্রান্ত করার শামিল। তাই প্রকৃত ন্যায়বিচার নিশ্চিত করতেই আদালত স্বামীর বিরুদ্ধে থাকা সব মামলা খারিজের নির্দেশ দিয়েছে।