১৬ মাস পর ফের মুখোমুখি মোদী-ট্রাম্প, বিশ্বজুড়ে বাড়ছে জল্পনা!
দীর্ঘ ১৬ মাস পর ফ্রান্সের জি-৭ সম্মেলনে আবারও মুখোমুখি হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ওয়াশিংটনে শেষ সাক্ষাতের পর এটাই দুই নেতার প্রথম সরাসরি সাক্ষাৎ। সম্মেলনের মূল ভেন্যুতে প্রধানমন্ত্রী মোদী পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ। এরপরই জি-৭ সম্মেলনের মঞ্চে প্রধানমন্ত্রী মোদী এবং প্রেসিডেন্ট ট্রাম্প করমর্দন করে পাশাপাশি আসন গ্রহণ করেন।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, এই সম্মেলনের ফাঁকে ভারত ও আমেরিকার মধ্যে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে। এতে বাণিজ্য, কৌশলগত সহযোগিতা, প্রতিরক্ষা, আধুনিক প্রযুক্তি এবং চলমান ভূ-রাজনীতি নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। ইউক্রেন যুদ্ধ, ইরানের পরিস্থিতি, বিশ্ব অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার মতো বিষয়গুলো এবারের সম্মেলনের মূল আলোচ্যসূচিতে রাখা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, এই আন্তর্জাতিক মঞ্চে তিনি উন্নয়নশীল দেশগুলোর সংগঠন ‘গ্লোবাল সাউথ’-এর স্বার্থ ও উদ্বেগের বিষয়গুলো জোরালোভাবে তুলে ধরবেন।