১৫ বছর ধরে নিখোঁজ ডাক্তাররা কোথায়, কড়া ব্যবস্থা নিতে চলেছে স্বাস্থ্য দফতর!
সরকারি চিকিৎসকদের ১১ বছরের উপস্থিতির খতিয়ান তলব স্বাস্থ্য দফতরের
সরকারি স্বাস্থ্য পরিষেবায় শৃঙ্খলা ফেরাতে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালের ডাক্তার ও চিকিৎসকদের গত ১১ বছরের উপস্থিতির হিসাব তলব করল পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতর। ২০১৫ সাল থেকে আজ পর্যন্ত কোনো রকম অনুমোদন ছাড়া কোনো চিকিৎসক দীর্ঘদিন কর্মক্ষেত্রে অনুপস্থিত ছিলেন কি না, তা যাচাই করতেই এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজ্যের হেলথ সার্ভিস, ডেন্টাল সার্ভিস এবং পাবলিক হেলথ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিসে কর্মরত ডাক্তারদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে।
ইতিমধ্যেই রাজ্যের সমস্ত জেলার সিএমওএইচ এবং সমস্ত সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপারদের কাছে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে। আগামী সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট চিকিৎসকদের অনুপস্থিতির পূর্ণাঙ্গ তথ্য বা ‘অ্যাবসেন্টি স্টেটমেন্ট’ স্বাস্থ্য ভবনে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে এই রিপোর্ট জমা না দিলে হাসপাতালের প্রশাসনিক প্রধানদের জবাবদিহিতার মুখে পড়তে হতে পারে বলেও স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে।