১৫ দিনে মাত্র একবার স্নান! প্রেমিকার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে অনুতপ্ত প্রেমিক!
লিভ-ইন সম্পর্কে থাকা এক তরুণীর স্নান করার প্রতি অনীহা ও অস্বাস্থ্যকর অভ্যাসের কারণে চরম বিপাকে পড়েছেন তার প্রেমিক। রেডিট নামের একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ওই ব্যক্তি জানিয়েছেন, গত তিন বছর ধরে তারা সম্পর্কে থাকলেও একসঙ্গে থাকতে শুরু করার পরই তিনি জানতে পারেন তার প্রেমিকা টানা দুই সপ্তাহে মাত্র একবার স্নান করেন। দীর্ঘ সময় স্নান না করার ফলে তরুণীর শরীর থেকে তীব্র দুর্গন্ধ বের হওয়ায় ওই যুবক এখন তার সঙ্গে একই বিছানায় ঘুমাতেও পারছেন না।
ভুক্তভোগী প্রেমিক জানিয়েছেন, শুরুতে বিষয়টি সহ্য করার চেষ্টা করলেও এখন দুর্গন্ধের কারণে বাধ্য হয়ে তাকে বেডরুম ছেড়ে সোফায় ঘুমাতে হচ্ছে। এমনকি স্নান করার ব্যাপারে বারবার অনুরোধ করলে তরুণী উল্টো চিৎকার-চেঁচামেচি করেন। ব্যক্তিগত জীবনের এই অস্বস্তিকর অভিজ্ঞতার কথা জানিয়ে নেটিজেনদের কাছে পরামর্শ চেয়েছেন ওই যুবক। বিষয়টি সামনে আসতেই অবাক নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করছেন, যেখানে অনেকেই তার স্বাস্থ্যের অবনতির আশঙ্কা জানিয়ে অবিলম্বে সঙ্গীকে সতর্ক করার কিংবা সম্পর্ক পুনর্মূল্যায়নের পরামর্শ দিয়েছেন।