১১ ঘণ্টার ম্যারাথন জেরা, দল বাঁচাতে স্পিকারের মেল দেখার সময়ও পেলেন না অভিষেক!
তৃণমূলের অখণ্ডতা রক্ষায় স্পিকারকে চিঠি অভিষেকের, ইডি-সিআইডির জেরার মুখে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক
দলীয় ২০ জন সাংসদের বিদ্রোহের আবহে তৃণমূল কংগ্রেসের অখণ্ডতা বজায় রাখতে লোকসভার স্পিকার ওম বিড়লাকে তিন পাতার চিঠি দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংসদীয় দলের অভ্যন্তরীণ ভাঙন রুখতে তিনি স্পিকারের কাছে আর্জি জানিয়েছেন, যাতে সংসদের ভেতরে কোনো পৃথক গোষ্ঠীকে স্বীকৃতি না দেওয়া হয়। এই বিষয়ে আলোচনার জন্য সোমবার বিকেলে স্পিকারের সঙ্গে অভিষেকের সাক্ষাতের সময় নির্ধারিত থাকলেও, দিল্লির ইডি অফিসে টানা ১১ ঘণ্টা জেরার কারণে তিনি সেই সুযোগ পাননি। তৃণমূল সাংসদ কীর্তি আজাদ জানিয়েছেন, ইডি জেরা চলাকালীন স্পিকারের দফতর থেকে অভিষেকের কাছে একটি মেল এলেও তা দেখার সুযোগ ছিল না তাঁর।
ইডি-র জেরার ধকল কাটতে না কাটতেই মঙ্গলবার ভবানীভবনে সিআইডি’র জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ‘ডিজে বাজাব’ মন্তব্যকে কেন্দ্র করে তদন্তকারী সংস্থা তাঁকে প্রায় সাড়ে ছয় ঘণ্টা জেরা করে। মঙ্গলবার সকালে ভবানীভবনে পৌঁছে সন্ধ্যা ছয়টায় জেরাশেষে তিনি বেরিয়ে আসেন। দলের অখণ্ডতা রক্ষা এবং কেন্দ্রীয় ও রাজ্য সংস্থার সাঁড়াশি চাপের মুখে বর্তমানে চরম ব্যস্ততায় দিন কাটছে তৃণমূলের এই শীর্ষ নেতার।