হোটেল কেটলির অজানা বিপদ!
হোটেল কক্ষের সবচেয়ে নোংরা জিনিস আসলে ইলেকট্রিক কেটলি, চাঞ্চল্যকর তথ্য ফাঁস
হোটেলের আরামদায়ক কক্ষে থাকা ইলেকট্রিক কেটলি পর্যটকদের কাছে সবচেয়ে পরিচ্ছন্ন মনে হলেও, এটি আসলে জীবাণুর এক বড় উৎস। সাবেক হোটেল কর্মীদের তথ্যানুযায়ী, সাধারণ হোটেল থেকে শুরু করে পাঁচ তারকা হোটেলেও ইলেকট্রিক কেটলির ভেতরের অংশ প্রায়শই অপরিষ্কার থাকে। অধিকাংশ ক্ষেত্রে কর্মীরা শুধু বাইরের অংশ মুছে দিলেও, ভেতরের গভীর পরিচ্ছন্নতার অভাবের কারণে সেখানে ব্যাকটেরিয়া ও ছত্রাক জমে, যা খালি চোখে ধরা পড়ে না।
শুধু তাই নয়, কিছু অতিথির অস্বাভাবিক আচরণ কেটলির স্বাস্থ্যঝুঁকি আরও বাড়িয়ে তোলে। তথ্যমতে, অনেক পর্যটককে তাদের মোজা বা অন্তর্বাস কেটলির ফুটন্ত জলে সেদ্ধ করতে দেখা যায়। এছাড়া, কেটলিতে নুডলস বা স্যুপ রান্না করার ফলে তলানিতে খাদ্যের অবশিষ্টাংশ আটকে পচন ধরে এবং দুর্গন্ধ ছড়ায়। যদিও জল গরম করলে কিছু ব্যাকটেরিয়া মারা যেতে পারে, তবে কাপড়ে ব্যবহৃত রাসায়নিক বা রান্না করা খাবারের অবশিষ্টাংশ জলে মিশে চরম স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। কেটলির পাশাপাশি টিভি রিমোট ও কাঁচের গ্লাসও হোটেলের অন্যতম নোংরা বস্তুর মধ্যে অন্যতম।