হিন্দু হয়ে যাওয়া বাংলাদেশি স্ত্রীকে দেশ থেকে তাড়াবেন না, স্বামীর কাতর আবেদন!

গুজরাত পুলিশের ‘অপারেশন ডেল্টা হান্ট’ অভিযানের আওতায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে কাজল নামের এক বাংলাদেশি তরুণীকে আটক করা হয়েছে। প্রায় ১০ বছর আগে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে আসা কাজল বর্তমানে দুই সন্তানের জননী। রাজ্যজুড়ে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের চিহ্নিত করার বিশেষ অভিযানের অংশ হিসেবে আনন্দ জেলার লোকাল ক্রাইম ব্রাঞ্চ তাঁকে আটক করে। পুলিশি পরিসংখ্যান অনুযায়ী, চলতি মাসে রাজ্যব্যাপী ছয়শোর বেশি বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে আনন্দ জেলা থেকেই প্রায় ৬০ জনকে ধরা হয়েছে।

বর্তমানে কাজলকে একটি মহিলা আশ্রয় হোমে রাখা হয়েছে এবং সেখান থেকেই তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে। কাজলের স্বামী তরুণ পটেল জানান, ২০১২-১৩ সালে পরিচয়ের পর পারিবারিক বাধার মুখে অবৈধ পথে ভারতে এসে কাজল তাঁর সঙ্গে হিন্দু রীতিনীতি মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তরুণ পটেলের দাবি, স্ত্রী সনাতন ধর্ম গ্রহণ করেছেন এবং বাংলাদেশে ফেরত পাঠানো হলে তাঁর জীবন ঝুঁকির মুখে পড়তে পারে। এই পরিস্থিতিতে মানবিক কারণে স্ত্রীকে ফেরত না পাঠাতে গুজরাতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন তিনি। ঘটনাটি নিয়ে আনন্দ জেলার পুলিশ সুপার কোনো মন্তব্য করেননি, তবে আহমেদাবাদ রেঞ্জের আইজি জানিয়েছেন, বিস্তারিত রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে মন্তব্য করা সম্ভব হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *