হায়দরাবাদে ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ, উদ্বোধনের আগেই তুঙ্গে রাজনৈতিক তরজা!
ভারতের তথ্যপ্রযুক্তি নগরী হায়দরাবাদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে একটি গুরুত্বপূর্ণ সড়কের উদ্বোধন হতে চলেছে। তেলেঙ্গানার কংগ্রেস সরকার শহরের মার্কিন দূতাবাসের নিকটবর্তী ওই রাস্তাটির নাম ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’ হিসেবে ঘোষণা করেছে। চলতি মাসের শেষেই এই রাস্তার আনুষ্ঠানিক নামকরণের কাজ সম্পন্ন হবে। এছাড়া শহরটিকে আন্তর্জাতিক মানের ব্যবসা ও প্রযুক্তি কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘গুগল স্ট্রিট’, ‘মাইক্রোসফট রোড’ ও ‘উইপ্রো রোড’-এর মতো বৈশ্বিক প্রতিষ্ঠানের নামে আরও বেশ কিছু সড়কের নামকরণ করছে রাজ্য প্রশাসন। একই পরিকল্পনার অংশ হিসেবে প্রয়াত শিল্পপতি রতন টাটার নামে ‘গ্রিনফিল্ড রেডিয়াল রিং রোড’-এর নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে সরকারের এই নামকরণের কৌশল নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক তৈরি হয়েছে। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী বান্দি সঞ্জয় কুমার এই সিদ্ধান্তকে ‘ট্রেন্ডিংয়ে গা ভাসানো’ বলে কটাক্ষ করে হায়দরাবাদের নাম পরিবর্তন করে ‘ভাগ্যনগর’ করার পুরনো দাবি উত্থাপন করেছেন। বিরোধী দলের এই সমালোচনা সত্ত্বেও তেলেঙ্গানা সরকার নিজেদের সিদ্ধান্তে অনড় রয়েছে। বিশ্লেষকদের মতে, বিদেশি রাষ্ট্রপ্রধান ও বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠানের নামে এই নামকরণ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকর্ষণ করতে এবং দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।